নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের স্মরণ করে তাদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারও গভীর শোক প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভয়াবহ এই দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও পুনরুদ্ধার কামনা করেছে ঢাকা।
দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন