হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সঙ্গে যুক্ত মীর্জা সুমন ও রকি আহমেদ।
জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আসরের নামাজের পর মিছিলটি বের করার কথা ছিল।
পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই কর্মসূচির আয়োজন করা হচ্ছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়।
তবে মাহদী হাসান সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। নাগরিক বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছিল। তিনি কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগও করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, আটকদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন