Jonotar News Desk  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ০৬-১১-২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Oct ৩০, ২০২৬

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ নাগরিক নিহত, আহত ১১

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ নাগরিক নিহত, আহত ১১
বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ নাগরিক নিহত, আহত ১১
স্টাফ রিপোর্টার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলের ব্রচকো জেলার গোরিৎসে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ইতালির সামরিক বাহিনীর সিএইচ-৪৭ চিনুক মডেলের। এটি ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন পরিচালিত নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল।

ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ১১ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত চারজনের মধ্যে দুজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক শাখার সদস্য ছিলেন। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন অবস্থান করছিলেন।

ব্রচকো হাসপাতালের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় কোনো বেসামরিক নাগরিক আহত হননি। পাশাপাশি বেসামরিক স্থাপনা, সম্পত্তি কিংবা যানবাহনেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা বাহিনী। তদন্তের মাধ্যমে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বসনিয়া ও হার্জেগোভিনায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দেশটির শান্তিচুক্তি বাস্তবায়ন তদারকির দায়িত্ব পালন করছে ইউরোপীয় ইউনিয়নের আলথিয়া শান্তিরক্ষা মিশন। ২০০৪ সালে ন্যাটোর কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করে সংস্থাটি।

এই দুর্ঘটনায় চারজনের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোত্তো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।